দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তরুণ প্রবাসী সোহান। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে দিশাহারা স্বজনরা এখন সরকারের কাছে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহান রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের বাসিন্দা দুলাল হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তিনি সেখানে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও সোহান দোকানে কাজ করছিলেন। মাগরিবের সময় হঠাৎ এলাকায় বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। ঠিক সেই সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও এটি ছিনতাই বা পূর্বপরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করছেন স্বজনরা। নিহতের চাচা দেলোয়ার হোসেন ও মানিক জানান, বহু কষ্টে ধারদেনা করে সোহানকে বিদেশে পাঠানো হয়েছিল পরিবারের সচ্ছলতার আশায়। কিন্তু হঠাৎ এমন মৃত্যুর সংবাদে পুরো পরিবার ভেঙে পড়েছে। নিহতের মামা মহরম আলী মিঠু বলেন, আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। অন্তত শেষবারের মতো তাকে দেখতে চাই।
সোহানের বাবা দুলাল হোসেন ও মা সাহিনুর বেগম বলেন, ছেলের ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করে বিদেশে পাঠিয়েছিলাম। এখন তাকে আর জীবিত পাবো না, কিন্তু তার মরদেহ যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি- এইটাই আমাদের শেষ চাওয়া।
