যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসানের চেষ্টায় শান্তি আলোচনা হতে চলেছে। সেই উদ্দেশ্যে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের পৌঁছে আলোচনা করার কথা। তবে ইসরাইল বনাম লেবানন যুদ্ধ চলছে। ইরান জানিয়েছে যুদ্ধবিরতি ইসরাইল-লেবাননের মধ্যেও হতে হবে।
এই আবহে ইসরাইলের লেবাননে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘লেবাননে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি জানিয়েছেন, ১০০০ জন ভারতীয় এই মুহূর্তে লেবাননে রয়েছেন। আর সেখানকার পরিস্থিতি বেশ উদ্বেগের। প্রসঙ্গত, লেবাননে কিছুদিন আগে, হামলা করে ইসরাইল । এরপর থেকেই ইসরাইল বনাম লেবানন সংঘাত চলছে। অন্যদিকে, কূটনৈতিক দিক থেকে নরেন্দ্র মোদিকে নিজের ‘ভ্রাতৃস্থানীয়’ পরিচয় দেয়া নেতানিয়াহুর নেতৃত্বে লেবাননে হামলা চালাচ্ছে ইসরাইল । শোনা যাচ্ছে, সামনের সপ্তাহে আমেরিকায় এই দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হতে পারে। এর আগে, গত রাতেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে নির্দেশ দিয়েছেন। ভারত জানিয়েছে, লেবাননের শান্তি ও নিরাপত্তার পক্ষে রয়েছে দিল্লি।
ভারতের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, ‘ভারত সর্বদাই অসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করা অপরিহার্য।’
