রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে অভিযানে গেলে পুলিশের দুই কর্মকর্তাকে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন সন্দেহভাজন দুই ব্যক্তি। মঙ্গলবার দুপুরের দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযানকালে ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- গুলিবিদ্ধ রুবেল ও আমির এবং অন্য দুইজন কাশেম ও জয়।
এর আগে সকালের দিকে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ও মোবাইল ছিনতাই করে ছিনতাইকারীরা। সকাল ১১টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় ওই এজেন্টের দোকানে এ ঘটনা ঘটে। বিকাশের এজেন্ট শফিকুল ইসলাম বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর আহত শফিকুলের বড় ভাই মুসলিম হোসেন বলেন, দুইজন যুবক আমার ভাইয়ের দোকানে এসে দোকানের ক্যাশে হাত দিয়ে জোর করে লুট করার চেষ্টা করলে ভাই প্রথমে বাধা দেয়। পরে চাপাতি দিয়ে কুপিয়ে ক্যাশে থাকা সব টাকা নিয়ে যায়। ক্যাশে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিল বলে শফিকুলের কাছ থেকে জানা গেছে। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে শফিকুলের বাম হাত, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। বর্তমানে তার অপারেশন চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনার পর পরই ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি আস্তানায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
ঘটনার পর আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেছিলেন, দুর্বৃত্তরা টাকাসহ মোবাইল ফোনও নিয়ে গেছে। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে আসামি ধরতে গিয়ে ঢাকা উদ্যানের কাছে তাদের একটি দল আক্রান্ত হয়। আসামিরা পুলিশ দেখে ওসি ও একজন এসআইয়ের ওপর হামলা চালান। এতে তারা আহত হন।
