রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম

ফন্ট সাইজ:

সিলেট ও যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ ব্যারিস্টার এমএ সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। শনিবার প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেন। শনিবার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে, চেয়ারম্যান হিসেবে নিয়োগ দানের পর ব্যারিস্টার এমএ সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন সেটি তিনি অতীতে করেছেন, আগামীতেও করবেন।

এবার প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটি তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। ব্যারিস্টার সালাম এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বলেন, রেড ক্রিসেন্টের দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন। দেশ ও দেশের বাইরে এই সংস্থার কার্যক্রম রয়েছে। ফলে কাজের মাধ্যমে তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান বলে জানান। এদিকে, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম গত সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে যুক্তরাজ্য প্রবাসী এই নেতার বদলে এই আসনে মনোনয়ন দেয়া হয় যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি এমএ মালিককে।

সিলেট-৩ আসনের আরেক মনোনয়নবঞ্চিত সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। আর সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরীকে সিলেট জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এরপর মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এবার ব্যারিস্টার এমএ সালামকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে তাকে মূল্যায়ন করলেন দলের হাই কমান্ড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন