প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন্ট টি ক্রিস্টেনসেন। আজ দুপুরে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়ার কথা বলেন। তিনি বলেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম, যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।
প্রধানমন্ত্রীর সফরের আগে মার্কিন রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ ভিন্নভাবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিস্টেনসেন। যদিও এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তার দাবি, এটা নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ বই কিছু নয়। মার্কিন দূতের সাক্ষাৎ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাষ্ট্রদূতের এই বৈঠকটি ছিল নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।
