অস্ট্রেলিয়ার সিডনিতে নৌকাভ্রমণে গিয়ে ৬ বছরের মেয়েকে পানিতে ফেলে হত্যা করে বাবা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সিডনির প্যারামাটা নদী থেকে ভারতীয় বংশোদ্ভূত মৌলিক ধানধুকিয়া (৪৭) ও তার ৬ বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৌলিক ধানধুকিয়া আত্মহত্যা করার আগে তার মেয়েকে হত্যা করবেন বলে তার বন্ধুদের কাছে বার্তা পাঠিয়ে ইঙ্গিত দিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। গত শনিবার দুপুরের দিকে সিডনির ইনার ওয়েস্টের কনকর্ডের হেন অ্যান্ড চিকেন বে নামক প্যারামাটা নদীতে এ হত্যা-আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, মৌলিক ধানধুকিয়া তার মেয়েকে নৌকা থেকে পানিতে ফেলে দেয়ার পর নিজেও নদীতে ঝাঁপ দেন।
তাদের কেউই সাঁতার জানতেন না। এই মর্মান্তিক ঘটনার কারণ স্পষ্ট নয়, তবে দুই সপ্তাহ আগে ধানধুকিয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তার ‘জীবনের ৯০ শতাংশ সমস্যার’ জন্য দীর্ঘস্থায়ী ঘাড়ের ব্যথাকে দায়ী করেছিলেন বলে জানা গেছে। তিনি অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে ব্যবসা উন্নয়ন বিভাগে কাজ করেছেন। পুলিশ আরো জানিয়েছে, ৪৭ বছর বয়সী মৌলিক ধানধুকিয়াকে সিডনির ইনার ওয়েস্টের কনকর্ডের হেন অ্যান্ড চিকেন বে-তে ভাসমান অবস্থায় দেখে এক পথচারী ট্রিপল-জিরো নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশসহ উদ্ধার কর্মীরা প্যারামাটা নদী থেকে বাবার মৃতদেহ উদ্ধারের পর ছোট্ট মেয়েটিকে খুঁজে না পাওয়ায় পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করে। পরে নদী থেকে নিখোঁজ মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সুপারিনটেনডেন্ট ম্যাকডোনাল্ড বলেছেন, ‘ঘটনাটি পারিবারিক সহিংসতার সঙ্গে সম্পর্কিত কি না তা পুলিশ তদন্ত করে দেখবে। এটি দুর্ঘটনা ছিল নাকি ইচ্ছাকৃত, সে বিষয়ে তদন্ত করা হবে।’
