রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় মিছিল বের করেন তারা। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি’র সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন জড়ো হয়। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করে।
টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হন। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
