লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ১৬

লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ১৬

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের হুঁশিয়ারি বার্তাকে পাত্তা না দিয়ে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দেশটি লেবাননের দক্ষিণাঞ্চলে ফের হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলাজুড়ে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত বা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা (এনএনএ)। সংস্থাটি মধ্যরাতের পরের এই বোমাবর্ষণকে ওই এলাকায় চালানো ইসরাইলের অন্যতম তীব্র আক্রমণ হিসেবে বর্ণনা করেছে, যেখানে মধ্যরাতের পর একাধিক বাড়িঘরকে নিশানা করা হয়েছিল।

এনএনএ জানিয়েছে, নাবাতিহ শহরের পাশাপাশি কফার জৌজ এবং কফার রেমান ও জেবদিনসহ আশেপাশের বেশ কয়েকটি শহরে ইসরাইলি কামানের গোলার খবর পাওয়া গেছে। এরপর কফার তিবনিত এবং রায়হান পাহাড়ি অঞ্চলেও বিমান হামলা চালানো হয়। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, নাবাতিহ এবং হারুফে অন্তত আটজন নিহত হয়েছে। আল-শারকিয়া এবং দুয়েরের মধ্যবর্তী একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছে, আর কফার সির শহরে একটি হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। দুয়ের পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেলে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন