ডিআইজি’র নাম ভাঙিয়ে ওসি পদায়ন প্রলোভনে আর্থিক লেনদেন, সতর্কবার্তা

ফন্ট সাইজ:

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ভাঙিয়ে একটি প্রতারকচক্র ওসি পদায়নের প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেন করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে একটি সতর্কবার্তা দেয়া হয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার ইনচার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এই প্রতারকচক্র ঢাকা রেঞ্জ ডিআইজি’র নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সকলকে স্পষ্টভাবে অবগত করে বলা হয়েছে, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয় না। থানার অফিসার ইনচার্জ পদায়নের এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। সম্পূর্ণ পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতা বিবেচনার ভিত্তিতেই এ ধরনের পদায়ন সম্পন্ন হয়ে থাকে।
বার্তায় বলা হয়েছে, ঢাকা রেঞ্জ ডিআইজি’র নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেয়া বা এ ধরনের কোনো প্রলোভন দেখানো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং প্রতারণামূলক কর্মকাণ্ড যা ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি ঢাকা রেঞ্জের ডিআইজি’র সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করারই অপচেষ্টা। ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এ প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্র শনাক্ত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো ব্যক্তি বা চক্র এ ধরনের প্রতারণামূলক প্রস্তাব দেয় বা এ ধরনের তথ্য জানা যায়, তবে অবিলম্বে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে সতর্কবার্তায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন