সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে স্বর্ণ বাংলাদেশের

সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে স্বর্ণ বাংলাদেশের

ফন্ট সাইজ:

ভারতের সিমলায় সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল। এতে স্বর্ণপদক নিশ্চিতের পাশাপাশি আগামী ২১-২৭শে জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে তারা। ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্টেও স্বর্ণ জিতেছিল যুবারা। সেইবার স্বর্ণ জেতেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ রেজা এবং আবুল হাসেম হাসিব। এরপর ২০২৩ ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে এ ইভেন্টে বাংলাদেশের রৌপ্যপদক আসে। আর গতবছর নেপালের কাঠমান্ডুতে লাল-সবুজ প্রতিনিধিদের ব্রোঞ্চ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আজ ও আগামীকাল প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে। গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল তিন দল সমান ৫ পয়েন্ট অর্জন করে। তবে সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ গেমে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। তবে পরবর্তীতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে পরাজিত করেন। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে নিশ্চিত করেন স্বর্ণজয়। আর অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে পরাজিত হয়। অনূর্ধ্ব-১৯ বালিকা দল গ্রুপপর্বে মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলঙ্কার (১-৩) বিপক্ষে তিনটি ম্যাচেই হেরেছে। তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অনূর্ধ্ব-১৫ বালিকা দলও জয়ের শুখ দেখেনি। শ্রীলঙ্কার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরেছে তারা। তাদের সামনে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি। গত বছর এই সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক লাভ করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন