মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার সরকারি কার্যালয়ে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন।
মালেশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, শ্রমিকদের শোষণ বন্ধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে উভয় দেশ দৃঢ় অঙ্গীকারবদ্ধ। বৈঠকের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেকে স্বাগত জানিয়ে তাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক সংগ্রাম এবং চলমান উন্নয়ন অগ্রযাত্রারও ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে উষ্ণ ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীর একটি বিশেষ পত্র আনোয়ার ইব্রাহিমের হাতে তুলে দেন।
বৈঠকে উভয় পক্ষ শ্রম সম্পর্কের বিষয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা করেন। বিশেষত প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও কার্যকর করার বিষয়ে উভয় দেশ তাদের অভিন্ন দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শ্রমিক শোষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও এই আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক সুবিধার ভিত্তিতে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। শিক্ষা খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়, যেখানে শিক্ষক বিনিময় ও একাডেমিক অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকের শেষে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পারস্পরিক সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিধারায় সন্তোষ প্রকাশ করেন এবং একাধিক গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রমিক নিয়োগ ব্যবস্থা স্বচ্ছ করতে একমত দুই দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া থেকে
অনলাইন
২ মাস আগে
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
