ঢাকা-১৮ নির্বাচনী এলাকার যানজট নিরসনে বিআরটি প্রকল্পের পাশাপাশি এসি বাস নামানোর প্রক্রিয়া চলছে

সংসদে সড়কমন্ত্রী

ঢাকা-১৮ নির্বাচনী এলাকার যানজট নিরসনে বিআরটি প্রকল্পের পাশাপাশি এসি বাস নামানোর প্রক্রিয়া চলছে

ফন্ট সাইজ:

রাজধানীর ঢাকা-১৮ নির্বাচনী এলাকার যানজট নিরসনে সরকারের নেয়া বহুমুখী উন্নয়ন প্রকল্পের কথা জাতীয় সংসদে জানানো হয়েছে। এই এলাকায় যানজট কমাতে বিআরটি প্রকল্পের পাশাপাশি ৩৪০টি নতুন সিএনজিচালিত এসি বাস নামানোর প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে এ দিন প্রশ্নোত্তর টেবিলে উত্তরটি উত্থাপিত হয়।

লিখিত জবাবে জানানো হয়, ঢাকা-১৮ এলাকার বনানী ওভারপাস থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কটি সড়ক বিভাগের আওতাধীন। যানজট নিরসনে এয়ারপোর্ট সংলগ্ন বলাকা ভবন, তৃতীয় টার্মিনাল ও কাওলা এলাকার সড়ক প্রশস্ত করা হয়েছে এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সড়ক বিভাজক (ডিভাইডার) স্থাপন করা হয়েছে।

বর্তমানে এই এলাকায় যানজট নিরসনে তিনটি প্রধান প্রকল্পের কাজ চলমান রয়েছে:

মেট্রোরেল (এমআরটি) লাইন-১: ২০৩০ সালের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ৬টি মেট্রোরেল নির্মাণের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। এর আওতায় এয়ারপোর্ট হতে কুড়িল পর্যন্ত এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে। এই লাইনটি চালু হলে ঢাকা-১৮ এলাকার যানজট অনেকাংশে কমে যাবে।

বিআরটি প্রকল্প: এয়ারপোর্ট হতে গাজীপুর পর্যন্ত ২০.৫ কিলোমিটার দীর্ঘ বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় বিদ্যমান সড়কটিকে ৮-লেনে উন্নীত করা হচ্ছে। এছাড়া এয়ারপোর্ট-১ ও ২, জসীমউদ্দীন, গাজীপুরা ইউ-টার্নসহ মোট ৮টি ফ্লাইওভার এবং ৪.৫ কিমি উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পূর্ণাঙ্গ বাস্তবায়িত হলে মাত্র ৩৫-৪০ মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব হবে।

৩৪০টি এসি বাস সংগ্রহ: যানজট নিরসনের বিষয়টি মাথায় রেখে বিআরটিসি’র মাধ্যমে ৩৪০টি একতলা সিএনজি এসি বাস সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। গত ১ ডিসেম্বর ২০২৩ তারিখে এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরা, এয়ারপোর্ট ও খিলক্ষেত রুটে উন্নত বাস সার্ভিস চালু হবে, যা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংসদে দেয়া তথ্যানুযায়ী, এই বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা-১৮ আসনের জনগণের যাতায়াত ব্যবস্থা আরও আধুনিক ও যানজটমুক্ত হবে।

আব্দুল হালিম

২ মাস আগে

৩৪০ টি নতুন বাস নামালে যানজট কমবে না বরং যানজট আরো বাড়বে।

Nasrul Islam Ripon

২ মাস আগে

Nice

মন্তব্য করুন