ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দু’টি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেয়ায় এখন সেখানে উপনির্বাচন হচ্ছে।
এ আসনে প্রার্থী তিনজন। তারা হলেন–বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির মো. আল-আমিন তালুকদার।
অন্যদিকে তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হয়। সেখানে এখন সাধারণ নির্বাচন হচ্ছে। সংসদ নির্বাচনের সময় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফল আসায় এ আসনে আলাদা করে গণভোট হচ্ছে না।
এ আসনে প্রার্থীরা হলেন-বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।
