পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস ও সংলগ্ন এলাকায় দালালবিরোধী অভিযানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার র‌্যাবের এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়েরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য জানান।
এম মুবীন রহমান তাপস বলেন, সম্প্রতি সংঘবদ্ধ এক দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়া অতিদ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতে থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার হওয়ার পরও চক্রটি গণ-উপদ্রব চালাতে থাকে। বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ায়। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সে সময় পাসপোর্ট দালাল চক্রের মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন