কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ সিস্টেমের ‘শান্ট ফল্ট’ শনাক্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার রাত ১০টা থেকে এর রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামতের কাজ শুরু হবে। এতে বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী তিনদিনসহ আরও ৮ ঘণ্টা সারা দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। একইসঙ্গে আংশিক বিঘ্নও ঘটতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি (বিএসসিসিএল)। বুধবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর চালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ (এসএমডাব্লিউ-৫)-এর কনসোর্টিয়াম কর্তৃক এস. ১.৫.১ ‘শান্ট ফল্ট রিপেয়ার’ এর জন্য একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই রক্ষণাবেক্ষণ কাজ স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা হতে ১৩ই এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট তিনদিনসহ আরও আট ঘণ্টা সময় ধরে চলমান থাকবে বলে জানিয়েছে এসএমডাব্লিউ-৫ কনসোর্টিয়াম। এ সময় কার্যক্রমটি ট্রাফিক অ্যাফিক্টিং হওয়ায় এসএমডাব্লিউ-৫ সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে, এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলসি এর অপর সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ (এসএমডাব্লিউ-৪) এর মাধ্যমে সেবা প্রদান আগের মতোই অব্যাহত থাকবে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়। সাময়িক এই অসুবিধার জন্য বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) কর্তৃপক্ষ গ্রাহক ও সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
সাবমেরিন ক্যাবলে ত্রুটি
আগামী তিনদিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে
স্টাফ রিপোর্টার
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
