মূলপর্বের আশা বাঁচিয়ে রাখার লড়াই বাংলাদেশের

এশিয়ান গেমস হকি বাছাই

মূলপর্বের আশা বাঁচিয়ে রাখার লড়াই বাংলাদেশের

ফন্ট সাইজ:

এশিয়ান গেমস হকি বাছাইপর্বের স্থান নির্ধারণী ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ হারলে মূলপর্বে খেলা হবে না লাল-সবুজ দলের। সেটি হলে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির মূলপর্বের বাইরে থাকবে বাংলাদেশ। থাইল্যান্ডের রয়েল থাই এয়ারফোর্স টার্ফে দু’দলের ম্যাচ শুরু সকাল সাড়ে ১১টায়। বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে টার্ফে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। এএইচএফের কাছে মাঠ চেয়েও পায়নি লাল-সবুজ প্রতিনিধিরা। এ নিয়ে দলের সহ-অধিনায়ক বিপ্লব কুজুর বলেন, ‘দুইদিন টিম হোটেলের সামনে ফাঁকা জায়গায় রানিং ও স্ট্র্যাচিং করেছি। মাঠ না পাওয়ায় বেশিরভাগ সময় ভিডিও অ্যানালাইসিস ও টিম প্লানিং নিয়ে সময় ব্যয় করেছি আমরা।’ আগের ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করায় প্রথমবার এশিয়ান গেমস হকি বাছাইপর্বে সেমিফাইনাল খেলতে পারছে না বাংলাদেশ। বাছাইপর্বে দলের এমন পারফরম্যান্সের কারণ জানেন না সহঅধিনায়ক। তিনি বলেন, ‘ প্রতিবার আমরা ফাইনাল খেলেছি। এবার সেমিফাইনাল খেলতে পারিনি।

জানিনা আমাদের কি সমস্যা হচ্ছে।’
চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে বাছাই মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পথ হারায়। বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে আট ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হারে। এটি বাংলাদেশের বিপক্ষে ২০ বছর পর শ্রীলঙ্কার প্রথম জয়। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। পুল ‘বি’তে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় হন আশরাফুল-আমিরুলরা। আর চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পুল ‘এ’তে চতুর্থ হয় হংকং। যারা ইন্দোনেশিয়ার কাছে ৪-৩ গোলে হেরে বাছাইপর্ব শুরু করে। দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পায় হংকং। কাজাখস্তানকে তারা ৪-৩ গোলে হারায়। তবে শেষ দুই ম্যাচে ওমানের সঙ্গে ২-১ ও থাইল্যান্ডের সঙ্গে ৪-১ গোলে হেরে যায়। এই হংকংয়ের বিপক্ষে ৫ম-৮ম স্থান নির্ধারণীর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে সেরা ছয়ে থেকে এশিয়ান গেমসের মূলপর্বে খেলার টিকেট পাবেন আশিকুজ্জামানের শিষ্যরা। মূলপর্বের টিকিট পেতে যে করে হোক হংকংকে হারাতে চায় বাংলাদেশ। হংকং ম্যাচের লক্ষ্য নিয়ে বিপ্লব কুজুর বলেন, ‘হংকং দলে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। অতীতে আমরা কি করেছি, তা ভুলে গেছি। সামনে পঞ্চম হওয়ার সুযোগ আছে। সেদিকে ফোকাস করছি। যে করে হোক আমাদের পঞ্চম হতে হবে।’

দুই দলের সবশেষ পাঁচ দেখায় সবকটিতে জয় বাংলাদেশের। সবশেষ ২০১৮ সালে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশের কাছে ৫-১ গোলে হারে হংকং। হকির বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে হংকংয়ের থেকে ২৮ ধাপ এগিয়ে বাংলাদেশ। ফলে ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামবে রাব্বির দল।

চার যুগ আগে ১৯৭৮ সালে প্রথমবার এশিয়ান গেমস হকি টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ। সেই আসরে ষষ্ঠ হয় লাল-সবুজ প্রতিনিধিরা। এরপর ১৯৯০ সালে বেইজিংয়ে হওয়া এশিয়ান গেমস ছাড়া বাকী সব আসরে অংশ নেয় বাংলাদেশ। ২০০৬ সাল থেকে বাছাইপর্ব শুরু করে এশিয়ান হকি ফেডারেশন। ঘরের মাঠে হওয়া বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দোহা এশিয়ান গেমস হকির মূলপর্বে খেলে বাংলাদেশ। চারবছর পর ওমানকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজ প্রতিনিধিরা। ২০১৪ সালে বাছাইপর্বে টানা তৃতীয় শিরোপা জেতে বাংলাদেশ। তবে ২০১৮ সালে ওমানের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের দল। ২০২২ সালেও ওমানের কাছে ফাইনালে ৬-২ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন