গত বছরের মে মাসে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নেন কার্লোস আনচেলেত্তি। প্রাথমিক চুক্তি অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলানোর কথা তার। তবে ইতালিয়ান এ কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে আগ্রহী ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এমন খবর কয়েকদিন আগে জানায় দেশটির সংবাদমাধ্যমগুলো। নতুন চুক্তির বিষয়টি এখন আর শুধু আগ্রহতে থেমে নেই। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। এক প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। আনচেলত্তি বা সিবিএফ- কেউ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ইএসপিএন সেই চুক্তির খুঁটিনাটি প্রকাশ করেছে। সেখানে যেমন চুক্তির মেয়াদের কথা উল্লেখ আছে, তেমনি নতুন চুক্তিতে আনচেলত্তি কত বেতন পাবেন, সেটাও জানিয়েছে ইএসপিএন। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, আনচেলত্তির সঙ্গে নতুন চুক্তির কাঠামোতে কিছু পরিবর্তন এনেছে সিবিএফ। নতুন চুক্তিটি দুই ভাগে বিভক্ত।
প্রথম চুক্তিটি হবে দুই বছরের জন্য, এরপর স্বয়ংক্রিয়ভাবে চুক্তির মেয়াদ বাড়বে আরও দুই বছর। অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। আর মেয়াদ বাড়ার ক্ষেত্রে কিছু শর্তও যোগ করা হয়েছে সেখানে। বর্তমান চুক্তি অনুসারে বার্ষিক ১ কোটি ইউরো পান আনচেলত্তি। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১৪২ কোটি টাকার কিছু বেশি। নতুন চুক্তিতেও একই পরিমাণ বেতন পাবেন ৬৬ বছর বয়সী এ ইতালিয়ান কোচ। অন্যান্য কোচিং স্টাফের বেতন বাড়ছে। আর সেটা আনচেলত্তির অনুরোধে। সেই অনুরোধে সম্মতি দিয়েছে সিবিএফ।
