ফরিদগঞ্জে দেয়াল তুলে ৬ পরিবারের চলাচলের পথ বন্ধ

ফরিদগঞ্জে দেয়াল তুলে ৬ পরিবারের চলাচলের পথ বন্ধ

ফন্ট সাইজ:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার এলাকায় একটি বাড়ির ৬টি পরিবারের চলাচলের একমাত্র পথের কলাপসিবিল গেটে তালা ঝুলিয়ে ও দেয়াল তুলে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে গত পাঁচদিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। জানা যায়, প্রায় ২৫ বছর ধরে ওই পথ ব্যবহার করে আসছিলেন রহিমের পরিবারের সদস্যরা। ওই পথ ব্যবহার করেই তারা পাকা ৬টি বসতঘর নির্মাণ করেছেন। হঠাৎ করে প্রতিপক্ষ কয়েক ভাই দেয়াল নির্মাণ করে পথটি বন্ধ করে দিলে বিপাকে পড়েন তারা। পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের শিশু-কিশোররা স্কুলে যেতে পারছে না। এ ছাড়া ওই বাড়ির বাসিন্দা রোখসানা আক্তার (৪৫), নাসিমা আক্তার (৪৪) ও নুরুল ইসলাম (৫৫) সকলেই শিক্ষক। তাদের পেশাগত কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাদের বাসায় শিক্ষার্থীরা পড়তে যেতো, সেটিও এখন বন্ধ হয়ে গেছে। এদিকে পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত থাকলেও চলাচলের পথ বন্ধ থাকায় তারা কর্মস্থলে যেতে পারছেন না। বাজার-ঘাট করতে না পেরে খাদ্য সংকটেও পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তিন শিক্ষকসহ বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম (৩৬) অহিদুল ইসলাম (৪৮) চাঁদপুরের জেলা প্রশাসক ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাহায্য কামনা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে লুৎফর রহমান মোল্লা কথা বলতে রাজি হননি। তার ভাই আলা মিয়া মোল্লা (৬০) বলেছেন, তাদের সঙ্গে চুক্তি করেছে আমার বড় ভাই লুৎফর রহমান। আমরা করিনি। আমরা ওই চুক্তি মানি না। আমাদের মার্কেটের নিরাপত্তার প্রয়োজনে পথ বন্ধ করেছি। ঘটনার খবর পেয়ে, থানা পুলিশ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে চেয়ারম্যান বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি সমাধান না হওয়া পর্যন্ত গেটের তালা খুলে দেয়ার জন্য অনুরোধ জানান। তবে চেয়ারম্যানের অনুরোধ উপেক্ষা করে দেয়াল তুলে পথটি আরও দৃঢ়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী। ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন