খাগড়াছড়ি জেলায় নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে জেলা সদরের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন রাঙ্গামাটির মগবান ইউনিয়নের সোনাধন চাকমার ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিউটন তার এক সহকর্মীকে নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা অপরজন পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে ঘটনার পর সংগঠনটির পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপকে দায়ী করেছে সংগঠনটি। তবে অভিযোগটি অস্বীকার করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। তাদের দাবি- এটি ইউপিডিএফের অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটতে পারে। খাগড়াছড়ি সদর থানার ওসি কায়কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
