অভিনেতা শামস সুমনকে স্মরণ

অভিনেতা শামস সুমনকে স্মরণ

ফন্ট সাইজ:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের স্মরণে বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বন্ধুপ্রিয় শামস সুমন, স্মৃতিতে অম্লান’-শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টায়। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বসবে এই স্মরণসভা। অভিনয়শিল্পী সংঘের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও প্রিয় সহকর্মী শামস সুমনের স্মৃতিকে সম্মান জানাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু বলেন, আমাদের প্রিয় সহকর্মী, গুণী অভিনয়শিল্পী এবং অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের অন্তপ্রাণ সদস্য শামস সুমন ভাইয়ের অকাল প্রয়াণ আমরা এখনো মেনে নিতে পারছি না।

তাকে স্মরণ করতে আমরা সবাই একত্রিত হবো। অনুষ্ঠানে তার জীবন ও কর্ম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এরপর সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন। প্রসঙ্গত, গত ১৭ই মার্চ মৃত্যুবরণ করেন শামস সুমন। তার অভিনয়, ব্যক্তিত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। তার এই আকস্মিক প্রয়াণের পর সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সেই শোককে স্মৃতিচারণে রূপ দিতেই এই বিশেষ আয়োজন করছে অভিনয়শিল্পী সংঘ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন