হাভার্টজ-রায়ার নৈপুণ্যে আর্সেনালের জয়

চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনাল

হাভার্টজ-রায়ার নৈপুণ্যে আর্সেনালের জয়

ফন্ট সাইজ:

চ্যাম্পিয়নস লীগের আরেক ম্যাচে স্পোর্টিং লিসবনের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় মিকেল আতের্তার আর্সেনাল। জয়সূচক গোলটি করেন কাই হাভার্টজ। তবে গ্লাভস হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে গানারদের রক্ষা করেন ডেভিড রায়া। লিসবনের মুহুর্মুহু আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি। এমন পারফরম্যান্সের পর সতীর্থ কাই হাভার্টজ রায়াকে বর্তমান বিশ্বের সেরা গোলরক্ষক দাবি করেন। অ্যামাজন প্রাইমকে দেয়া এক সাক্ষাৎকারে হাভার্টজ বলেন, ‘আমার কাছে রায়া গত দুই মৌসুম ধরে বিশ্বের সেরা গোলরক্ষক। ফুটবলে তাকে অনেক সময় অবমূল্যায়ন করা হয়। কিন্তু তিনি অবিশ্বাস্যভাবে আমাদের বারবার রক্ষা করেছেন।’ কোচ মিকেল আর্তেতা সরাসরি ‘সেরা’ তকমা না দিলেও ভূয়সী প্রশংসা করেছেন তার। তিনি বলেন, ‘রায়া অসাধারণ, চমৎকার এবং অবিশ্বাস্য। সে আধুনিক ফুটবলের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে। বল পায়ে তার সাহস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আক্রমণভাগকেও শক্তিশালী করে।’ ম্যাচের বেশিরভাগ সময় সেরা ছন্দে ছিল না আর্সেনাল। তবে রায়ার ম্যাচসেরা পারফরম্যান্সে ভর করে টানা দুই হারের বৃত্ত থেকে বেরিয়ে তারা। স্পোর্টিংয়ের ম্যাক্সি আরাউজোর একটি শট রায়ার আঙুল ছুঁয়ে ক্রসবারে লাগে। এরপর জেনি কাতামোর একটি নিচু শট এবং দ্বিতীয়ার্ধের শেষদিকে তার আরও একটি দুর্দান্ত হেডার ঠেকিয়ে দেন তিনি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ২২টি ‘ক্লিন শিট’ (গোল হজম না করা) রেখেছেন রায়া। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের আর কোনো গোলরক্ষক তার ধারের কাছেও নেই। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের ইয়ান সোমারের চেয়ে ৪টি ক্লিন শিট বেশি নিয়ে শীর্ষে রায়া। চ্যাম্পিয়নস লীগে চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭টি ক্লিন শিট তার দখলে। রায়ার দৃঢ়তার পর, ইনজুরি টাইমের প্রথম মিনিটে সব হিসেব বদলে দেন বদলি নামা হ্যাভার্টজ। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নিখুঁত ক্রস থেকে লক্ষ্যভেদী শটে বল জালে জড়ান এই জার্মান তারকা। এ গোলেই সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল গানার্সরা। জয়ের আনন্দের মাঝেও আর্সেনাল শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে লিয়ান্দ্রো ট্রসার্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চোট। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই দুই নির্ভরযোগ্য ফুটবলারকে। আগামী ১৫ই এপ্রিল নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে আর্সেনাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন