বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং সুপ্রিম কোর্ট সচিবালয়, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। সংগঠনটি বিচারকদের শোকজ অবিলম্বে প্রত্যাহার এবং অধ্যাদেশগুলো সংসদে পাসের দাবি জানিয়েছে। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আজমল হোসেন লিখিত বক্তব্য প্রদানের মাধ্যমে এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স এর সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার এরশাদুল বারী, মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহাবুল বাশার, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট আশরাফী সানজিদা প্রমুখ।
লিখিত বক্তব্য আজমল হোসেন বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে দেয়ায় এই শোকজ পতিত ফ্যাসিস্ট আমলের ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা ২০১৭’ অনুসারেই বেআইনি এবং সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সরাসরি পরিপন্থী। আমরা একে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের ভীতি প্রদর্শনের কৌশল মনে করছি। অবিলম্বে বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে বিচারকদেরকে করা শোকজ নোটিশ প্রত্যাহার করে বিচার বিভাগের উপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বাতিলের প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আজমল হোসেন বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল হলে বিচার বিভাগ পুনরায় নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে যাবে, যা ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। অন্যদিকে, গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরকারী হিসেবে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করলে অপরাধীদের দায়মুক্তির সুযোগ তৈরি হবে। সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি আরও বলেন, অধ্যাদেশগুলো বাতিলের প্রক্রিয়া বন্ধ করতে হবে। প্রয়োজনে আলোচনার মাধ্যমে সংশোধন সাপেক্ষে এগুলো বিল আকারে সংসদে পাস করা যেতে পারে। এছাড়া সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে দেয়া হাইকোর্টের সাম্প্রতিক রায়ের আলোকে দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
২৮ বিচারকের শোকজ প্রত্যাহার ও ৩ অধ্যাদেশ বহাল চায় এনসিপির ল’ইয়ার্স অ্যালায়েন্স
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ৬ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
