বড় জয়ে ফেডারেশন কাপে টিকে থাকলো বসুন্ধরা কিংস

বড় জয়ে ফেডারেশন কাপে টিকে থাকলো বসুন্ধরা কিংস

ফন্ট সাইজ:

ফেডারেশন কাপে আগের দুই ম্যাচে ড্র করেছিল বসুন্ধরা কিংস। তৃতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেলো বর্তমান চ্যাম্পিয়নরা। বড় জয়ে ফেডারেশন কাপের শিরোপার দৌড়ে টিকে থাকলো তারা। গতকাল কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরামবাগকে ৫-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের হয়ে এদিন জোড়া গোল করেন ডোরিয়েল্টন গোমেজ। একবার করে জালের দেখা পেয়েছেন রাকিব হোসেন, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম। দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি। এ মুহূর্তে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে পুলিশ এফসি। ৫ করে পয়েন্ট তিন দলের। গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে কিংস, তৃতীয় স্থানে ফর্টিস ও চতুর্থ স্থানে রয়েছে মোহামেডান। তিন ম্যাচের সবগুলো হেরে তলানিতে আরামবাগ। টেবিলের সেরা দুই দল পেরুবে গ্রুপ পর্ব। শুরু থেকে ম্যাচ হয়ে ওঠে একপেশে। ষোড়শ মিনিটে ফাহিমের আড়াআড়ি ক্রসে লাফিয়ে ডোরিয়েল্টনের কোণাকুণি হেড চোখের পলকে জালে জড়ালে এগিয়ে যায় আক্রমণাত্মক খেলা কিংস। ২২তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেনের ক্রসে দূরের পোস্টে থাকা ফাহিম নিখুঁত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিযোগিতার শিরোপাধারীদের চলতি আসরে প্রথম জয়ের সম্ভাবনা জোরাল হয়। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটে তিন গোল করে বড় জয় অনেকটাই নিশ্চিত করে নেয় কিংস। ৫২তম মিনিটে সাদ উদ্দিনের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে এক ছুটে বক্সে ঢুকে যান ইমানুয়েল সানডে। এরপর আগুয়ান গোলকিপার আজাদ হোসেনের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৫তম ফাহিমের নিচু ক্রসে গোলমুখ থেকে অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন ডোরিয়েল্টন। ৬২তম মিনিটে ফাহিম হেডে জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। চার মিনিট পর বক্সের ভেতরে পায়ের কারিকুরিতে বল বের করে নেন সোহেল রানা। এরপর দৃষ্টিনন্দন কোণাকুণি শটে স্কোরলাইন ৫-০ করেন এই মিডফিল্ডার। ‘বি’ গ্রুপের দিনের অপর ম্যাচটি মাঠে গড়ায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। টেবিল টপার থেকে পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামে ফর্টিস ফুটবল ক্লাব। যদিও তারা এগিয়ে গিয়ে ১-২ গোলে হেরেছে পুলিশের কাছে। এই জয়ে ৩ খেলায় এক জয় এক হারে টেবিলের শীর্ষস্থানে উঠেছে পুলিশ। চার ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে তিনে নেমে গেছে ফর্টিস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন