র‌্যাঙ্কিংয়ে ২১১ নম্বর সান মারিনোর বিপক্ষে ম্যাচকে ‘ঐতিহাসিক’ বলছে বাফুফে

র‌্যাঙ্কিংয়ে ২১১ নম্বর সান মারিনোর বিপক্ষে ম্যাচকে ‘ঐতিহাসিক’ বলছে বাফুফে

ফন্ট সাইজ:

দীর্ঘ ২৫ বছর পর ইউরোপের কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৫ই জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে তাদেরই মাটিতে। এর আগে ২০০১ সালের জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত মিলেনিয়াম সুপার সকার কাপে ইউরোপের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও যুগোস্লোভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ২-০ ও যুগোস্লোভিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দাবি করেছে, ইউরোপীয় কোনো জাতীয় দলের বিপক্ষে এটিই হবে বাংলাদেশের প্রথম অফিশিয়াল ম্যাচ। শুধু তা-ই নয়, এই প্রথম বাংলাদেশের ফুটবলাররা ইউরোপের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন। দুটি তথ্যই ভুল। এর আগে বাংলাদেশ ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ২০০০ সালে ইংল্যান্ডের লেস্টার সিটিতে ভারতের বিপক্ষে। সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গত ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই শেষ করেছে বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ফুটবল মাঠে নামবেন হামজা-শামিতরা।
দেশটির র‌্যাঙ্কিং ও সামপ্রতিক পারফরম্যান্স
ফিফার বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১৮১তম অবস্থানে রয়েছে। আর সান মারিনো ২১১তম অবস্থানে থেকে তালিকার একেবারে তলানিতে আছে। তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সামপ্রতিক সময়ে সান মারিনো চমক দেখাচ্ছে। বিশেষ করে উয়েফা নেশনস লীগে লিচেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে তারা বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। এটি ছিল তাদের ফুটবল ইতিহাসের মাত্র দ্বিতীয় জয়। বাফুফে জানিয়েছে, এই ম্যাচের ভেন্যু, শুরুর সময় এবং কোন চ্যানেলে খেলা দেখা যাবে সেই সব তথ্য খুব শীঘ্রই জানানো হবে। তবে বিশ্বের সর্বনিম্ব র‌্যাঙ্কিংয়ের ও বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচ ঠিক করে বাফুফে বিজ্ঞপ্তি দিয়ে সেটাকে ‘ঐতিহাসিক’ বলেছে। বাফুফে বাংলাদেশ-সান মারিনো ম্যাচটিকে দুই দেশের মধ্যে ফুটবলীয় সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবেও দেখছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন