দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের নির্বাসন কাটিয়ে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লীগে ফেরার ক্ষণগণনা শুরু করেছে কভেন্ট্রি সিটি। এমকেএম স্টেডিয়ামে স্বাগতিক হাল সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করলেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। এই ড্রয়ের ফলে লীগ টেবিলের শীর্ষে থাকা কভেন্ট্রির প্রমোশন এখন সময়ের ব্যাপার মাত্র। চ্যাম্পিয়নশিপের অন্য দুই প্রতিদ্বন্দ্বী মিলওয়াল এবং মিডলসব্রো পয়েন্ট হারানোয় কভেন্ট্রির সমীকরণ এখন অনেক সহজ। ৫ ম্যাচ হাতে থাকতেই ১২ পয়েন্টের বিশাল লিড ধরে রেখেছে তারা। বর্তমানে তাদের পয়েন্ট ৮৪। হাতে থাকা ম্যাচগুলো থেকে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই দীর্ঘ ২৫ বছর পর আবারও প্রিমিয়ার লিগের আঙিনায় দেখা যাবে ‘স্কাই ব্লুজ’দের। একই দিনে বার্মিংহাম সিটিকে ২-১ গোলে হারিয়ে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় ইপ্সউইচ টাউন।
পুরো ম্যাচে আধিপত্য ছিল স্বাগতিক হাল সিটির। ড্যারেন লেম্যানের উত্তরসূরি সের্গেজ জাকিরোভিচের শিষ্যরা শুরু থেকেই কভেন্ট্রির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে। গোলরক্ষক কার্ল রাশওয়ার্থের ভুলে জন ইগান গোল করার সুবর্ণ সুযোগ পেলেও লিয়াম কিচিংয়ের অসাধারণ ব্লকে রক্ষা পায় কভেন্ট্রি। প্রথমার্ধে লিয়াম মিলার ও জো গেলহার্ডের আক্রমণগুলো রুখে দিয়ে জাল অক্ষত রাখে কভেন্ট্রির রক্ষণভাগ। বিরতির পর দুই দল বদলি খেলোয়াড় নামায়। কভেন্ট্রির হয়ে রুডোনি এবং হালের হয়ে বেল্লুমি মাঠে নামলেও ডেডলক ভাঙতে পারেননি কেউ। তবে ম্যাচের শেষ দিকে একটি ‘হ্যান্ডবল’ নিয়ে উত্তেজনা ছড়ায়। কভেন্ট্রির দাবি ছিল সেটি নিশ্চিত পেনাল্টি ছিল, তবে রেফারির বাঁশিতে সাড়া না মেলায় হতাশ হতে হয় ল্যাম্পার্ডকে। ম্যাচ শেষে কভেন্ট্রি বস ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেন, ‘আমি সন্তুষ্ট। এমন পিচে খেলা খুব কঠিন। আমরা প্রথমার্ধের চাপ সামলে দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ নিয়েছিলাম। তবে একটি পরিষ্কার হ্যান্ডবল থেকে আমরা পেনাল্টি বঞ্চিত হয়েছি। আমরা লক্ষ্যের খুব কাছে, তবে আমাদের কাজটা আমাদেরই শেষ করতে হবে।’ অন্যদিকে হাল সিটি বস জাকিরোভিচ বলেন, ‘আমরা লিগের সেরা দলের বিপক্ষে দুর্দান্ত খেলেছি। আমরা তাদের কিছুই করতে দেইনি, কিন্তু গোল করার জন্য সেই শেষ পাসটি দিতে পারিনি। এই এক পয়েন্ট আমাদের জন্য ইতিবাচক।’
২৫ বছর পর প্রিমিয়ার লীগে ফেরার পথে কভেন্ট্রি
স্পোর্টস ডেস্ক
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
