ফের হাটুর অস্ত্রোপচার নেইমারের

ফন্ট সাইজ:

তবে কি বিশ্বকাপে খেলতে দেখা যাবে নেইমারকে! আবারো হাঁটুর অস্ত্রোপচার হয়েছে নেইমারের। এমন খবর দিয়েছেন ব্রাজিলিয়ান তারকার কোচ কুকা। কোপা সুদামেরিকানায় কুয়েঞ্চার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নেইমারের দল সান্তোসের কোচ কুকা বলেন, জাতীয় দলের বিরতির সময় (যখন তাকে কোচ কার্লো আনচেলত্তি দলে ডাকেননি) নেইমার এই অস্ত্রোপচার করান, যাতে তার হাঁটুর অবস্থা উন্নত করা যায়। ২০২৬ বিশ্বকাপের আগে সান্তোস অত্যন্ত সতর্কতার সঙ্গে নেইমারের ফিটনেস তদারকি করছে। ব্রাজিলিয়ান এ তারকা ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচটি মিস করেন এবং দেপোর্তিভো কুয়েনকার বিপক্ষে কোপা সুদামেরিকানার উদ্বোধনী ম্যাচেও মাঠের বাইরে
থাকবেন নেইমার। বিশ্বকাপ ভাবনা রেখে এই চিকিৎসা নিয়েছেন তিনি। এ ব্যাপারে কুকা বলেন, ‘নেইমার ফিফা আন্তর্জাতিক বিরতির সময় হাঁটুর অপারেশন করিয়েছে। সে অনুশীলন করেনি। কয়েকদিন সে এই চিকিৎসার কারণে পুনর্বাসনে ছিল, এটা পুরোপুরি মেডিক্যাল বিষয়।’ এর আগেও এমন চিকিৎসা নিয়েছেন নেইমার। সান্তোসকে অবনমন থেকে বাঁচানোর পর গত ডিসেম্বরে তিনি একই হাঁটুতে অস্ত্রোপচার করান। তখন ক্ষতিগ্রস্ত টিস্যু শক্তিশালী করতে প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি নেন। চিকিৎসার পর দ্রুতই দলে ফিরে আসেন নেইমার এবং রেমোর বিপক্ষে জয়ের ম্যাচে শুরু থেকে খেলেন। একটি অ্যাসিস্টও করেন তিনি। কিন্তু ম্যাচের পর কার্ড পাওয়ার ঘটনায় তার মন্তব্যই বেশি আলোড়ন তোলে।
রেফারির সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রেফারি ‘আজ মনে হয় পিরিয়ড নিয়ে ঘুম থেকে উঠেছেন’- তার এমন মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। সম্প্রতি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচেও কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডের বাইরে রেখেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন