চট্টগ্রামে ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ ক্যাম্পেইন শুরু করল ট্যুরিজম মালয়েশিয়া

চট্টগ্রামে ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ ক্যাম্পেইন শুরু করল ট্যুরিজম মালয়েশিয়া

ফন্ট সাইজ:

‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ ক্যাম্পেইনকে সামনে রেখে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম শহরে প্রচারণা শুরু করেছে ট্যুরিজম মালয়েশিয়া। এ উদ্যোগের অংশ হিসেবে সংস্থাটি ৬-১১ই এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে সেলস মিশন এবং রাজধানীতে আয়োজিত ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এ অংশগ্রহণ করবে।

সম্প্রতি চট্টগ্রামের স্বনামধন্য একটি হোটেলে আয়োজিত প্রেস কনফারেন্সে ট্যুরিজম মালয়েশিয়ার মহাপরিচালক মোহাম্মদ আমিরুল রিজাল আবদ রহমান জানান, বাংলাদেশের বাজার মালয়েশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে কার্যক্রম আরও সম্প্রসারণ এবং অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদারের মাধ্যমে ভিজিট মালয়েশিয়া ২০২৬ ক্যাম্পেইনকে সফল করতে তারা কাজ করে যাচ্ছেন।

এবারের মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মালয়েশিয়ার ট্যুরিজম বোর্ডের আন্তর্জাতিক প্রমোশন বিভাগের (এশিয়া ও আফ্রিকা) উপ-পরিচালক সোলেহউদ্দিন আহমদ। জ্যেষ্ঠ পর্যটন কর্মকর্তা মো. রুজাইনি বিন মোহাম্মদ রাদজি ছাড়াও দলটিতে আরও যুক্ত আছেন মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস, ভিন্ন ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সের প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ গুলো মালয়েশিয়ার জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে। এর মাধ্যমে একদিকে যেমন মালয়েশিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরা যাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। পাশাপাশি বিজনেস-টু-বিজনেস বৈঠকগুলো নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়ক হচ্ছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মালয়েশিয়ায় ভ্রমণে যাওয়া আন্তর্জাতিক পর্যটক ছিল ৪ কোটি ২১ লাখ ৯৬ হাজার ৮৯২ জন। এর মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৪৯২, যা আগের বছরের তুলনায় ৮২.১ শতাংশ বেশি।

বর্তমানে ঢাকা থেকে মালয়েশিয়ার বিভিন্ন গন্তব্যে প্রতি সপ্তাহে ৪১টি সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এসব ফ্লাইটে মোট আসন সংখ্যা প্রায় ১১ হাজার ৩৪০। মালয়েশিয়া এয়ারলাইন্স, বাতিক এয়ার, এয়ারএশিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট পরিচালনা করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন