ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম তেলেবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেয়ার আল্টিমেটাম দেন ট্রাম্প। এতে বৃদ্ধি পেয়েছে তেলের দাম। মঙ্গলবার ব্যারেল প্রতি জ্বালানি তেলের মূল ১১০ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। হরমুজ খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর মতো বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দেন ট্রাম্প। এই হুমকির পর থেকেই বিশ্ববাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সর্বশেষ অপরিশোধিত তেলের দাম ০.৪ ভাগ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১০.১৯ ডলার হয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস মধ্যম মাত্রার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ০.৮ ভাগ বেড়ে ১১৩.৩১ ডলার হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত জাপানের নিক্কেই ২২৫ শেয়ার বাজার অস্থিতিশীল ছিলো। শতকরা ০.২ ভাগ পতন দিয়ে লেনদেন শুরু করে টোকিওর শেয়ার বাজার। দক্ষিন কোরিয়ার মাধ্যমিক শেয়ার বাজার কোডস্যাক শতকরা ০.৭৫ ভাগ দর পতন হয়।
সূত্র: আল জাজিরা।
