হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনে মোট ৬ হাজার ১৯৯টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর ফলে বিশেষ উদ্যোগের আওতায় গত তিন কার্যদিবসে মোট ১৩ হাজার ২৮৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রম চলমান রয়েছে।
বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একদিন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলাকে অগ্রাধিকার দিয়ে শুনানি ও নিষ্পত্তি করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৭ মে ২০২৬ থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চসমূহে এ বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় ১১ জুন একদিনেই ৬ হাজার ১৯৯টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
