যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা দুইদিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে ইরান যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে।
তেহরান সতর্ক করে বলেছে, মার্কিন আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত, তারা যেকোনো হুমকির জবাব দেবে। ইরানের সশস্ত্র বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
গতকালের পর আজকেও ইরানের বিভিন্ন শহরজুড়ে অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরেই এমন বার্তা দিলো ইরানি বাহিনী।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইরান আলোচনার নামে সময়ক্ষেপণ করছে। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনও সতর্ক করে বলেছে, ইরান যদি দ্রুত একটি চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির ওপর আরও হামলা চালানো হবে।
