পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) ঈদগাহ গ্রাউন্ডে বৃহস্পতিবার (১১ জুন) হাজার হাজার নিরস্ত্র বিক্ষোভকারীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পাক বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
স্থানীয় সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এনডিটিভি জানিয়েছে, প্রাথমিকভাবে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শুরু হয়। সেখানকার সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন আটা, চাল, বিদ্যুৎসহ মৌলিক সুবিধার মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পাক বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।
প্রতিবেদনে বলা হয়, রাওয়ালাকোট এলাকায় অন্তত ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষ জড়ো হয়ে পাকিস্তানের নীতি ও অঞ্চলে চলমান শাসনব্যবস্থার বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা গত মঙ্গলবার পিওকে-তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩০ জন এবং আহত প্রায় ২০০ জনের ঘটনারও বিচার দাবি করেন।
