২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। যাতে প্রতিটি শিক্ষার্থী কর্মবাজার-উপযোগী অন্তত একটি দক্ষতা-কৃষি, আইসিটি, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, গ্রাফিক ডিজাইন, পর্যটন, স্বাস্থ্যসেবা, নির্মাণ ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ পায়।
বিএনপি সরকারের প্রথম এই বাজেটের শিরোনাম দেয়া হয়েছে- ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ ।
প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে মূল বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমে ৩১ হাজার ৭১৮ কোটিতে দাঁড়ায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবছরে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা, পরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমে দাঁড়ায় ৪১ হাজার ৭৫৩ কোটি টাকা।
অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমিয়ে ১২ হাজার ৩৯৬ কোটি টাকা করা হয়।
