জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের আয়োজন করা হচ্ছে। পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
তাকাইচি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরান- দুই দেশের সঙ্গেই যোগাযোগ বজায় রাখা জরুরি। এ কারণে উভয় দেশের প্রেসিডেন্টদের সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করছে টোকিও।
এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ইরানে আটক থাকা দ্বিতীয় জাপানি নাগরিকের মুক্তির খবর সামনে এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ওই ব্যক্তি ইরানে আটক ছিলেন।
এদিকে সোমবার রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই আলাপচারিতায় দ্রুত উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়।
টোকিও মনে করছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সে লক্ষ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার করছে জাপান।
সূত্র: আল জাজিরা।
