বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিপুল জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে এক নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান তিনি। মোদি শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত দাঁড়িয়ে থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়নের লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে রয়েছি।
একই সঙ্গে বাংলায়ও পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদি। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতেও তিনি শোক প্রকাশ করেছিলেন। খালেদা জিয়ার শেষ বিদায়ে প্রতিনিধি হিসেবে বাংলাদেশে পাঠিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। তখন থেকেই মনে করা হচ্ছিল, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন এক পর্বে প্রবেশ করছে। কিন্তু পেসার মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর তার সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত।

A R Sarker
৪ মাস আগে"উম্মুখ হয়ে আছি" এই কথাটি আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তিনিও হয়তো অনেক কষ্টে বলেছেন।