দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে প্যারালিগ্যাল সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ ও সনদ প্রদানের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের মানুষ উপলব্ধি করবেন যে, যেকোনো পরিস্থিতিতেই তারা অসহায় নন এবং আইনি প্রতিকার থেকে বঞ্চিত নন।
রোববার সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং ব্লাস্টের মধ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, দেশে প্রায় ৮০ হাজার আইনজীবীর পেশাগত দক্ষতা উন্নয়নে সরকার প্রথমবারের মতো চলতি অর্থবছরে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। বাংলাদেশি বংশোদ্ভূত একটি ব্রিটিশ বিশেষজ্ঞ দলের মাধ্যমে ও মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিগগিরই এ প্রশিক্ষণ উদ্বোধন করা হবে। অ্যাটর্নি জেনারেল থাকাকালে ইউএনডিপি-র সহযোগিতায় স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক ইন্টার্নশিপ কর্মসূচি চালুর অভিজ্ঞতা তুলে ধরে তিনি আইনজীবীদের সহকারীদের (প্যারালিগ্যাল) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাব দূর করতে এই যৌথ উদ্যোগকে স্বাগত জানান।
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের তুলনায় ২০২৬ সালের একই সময়ে মধ্যস্থতার আবেদন ৩৫,৫৯৬টি থেকে ১৬৭.৭৬% বেড়ে ৯৫,৩১২টিতে, বিরোধ নিষ্পত্তি ২৯,৮৩৭টি থেকে ১৪৬.২০% বেড়ে ৭৩,৪৫৯টিতে এবং মধ্যস্থতা চুক্তি ৯,৯১৫টি থেকে ১০৮.৬৪% বেড়ে ২০,৬৮৭টিতে উন্নীত হয়েছে।
ব্লাস্টসহ সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণে এ সাফল্য এসেছে উল্লেখ করে তিনি জানান, মক্কেল হারানোর আশঙ্কায় কিছু জেলার কতিপয় আইনজীবী বিরোধিতা করলেও আলোচনার মাধ্যমে তাদের অধিকাংশকে বোঝানো সম্ভব হয়েছে।
সমঝোতা স্মারকের আওতায় প্যারালিগ্যাল কর্মীদের দক্ষতা ও স্বীকৃতির অভিন্ন জাতীয় মানদণ্ড নিশ্চিতে দুটি কর্মসূচি বাস্তবায়িত হবে—প্রথমত, ইউএনএইচসিআর-এর সহযোগিতায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএনএস/রোহিঙ্গা) জন্য বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স এবং দ্বিতীয়ত, জিআইজেড-এর গবেষণা ও আন্তর্জাতিক সম্মেলনের সুপারিশের আলোকে দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর জন্য জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তত্ত্বাবধানে উভয় কোর্সের পাঠ্যক্রম প্রণয়ন ও সনদ প্রদান করা হবে এবং দীর্ঘমেয়াদে একটি ‘প্যারালিগ্যাল কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং জিআইজেড-এর অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার সৈয়দ জিয়াউল হাসান। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের আইনি সহায়তা সম্প্রসারণ এবং সরকারি আইনগত সহায়তা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
