ভিয়েতনামের বিপক্ষে সমীকরণ মেলানোর ম্যাচ প্রীতি-সাগরিকাদের

ভিয়েতনামের বিপক্ষে সমীকরণ মেলানোর ম্যাচ প্রীতি-সাগরিকাদের

ফন্ট সাইজ:

তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থেকেই কেবল পরের ধাপে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। তা লুফে নেয়ার লক্ষ্যে ভিয়েতনামের বিপক্ষে সবশেষ ম্যাচে নামবে দল। সহকারী কোচ আবুল হোসেন ও ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বললেন, সেরাটা নিংড়ে দিয়ে সমীকরণ মেলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা। থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় শুরু হবে এই ম্যাচ।
‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে খেলা ইতোমধ্যে নিশ্চিত করেছে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন ও এবারের আসরের আয়োজক থাইল্যান্ড। থাইল্যান্ড (৩-২) ও চীনের (২-০) বিপক্ষে পরাজিত বাংলাদেশ এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি। তারপরও আশা আছে বাংলাদেশের। এই মুহূর্তে তিন গ্রুপে ছয় দল কোনো পয়েন্ট পায়নি। তাদের মধ্যে এগিয়ে বাংলাদেশ। তৃতীয় অবস্থানে থাকাদের মধ্যে উজবেকিস্তান (-৮), চাইনিজ চাইপের (-৭) চেয়ে গোল পার্থক্যে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ (-৩)। প্রথমবারের মতো বয়সভিত্তিক এই প্রতিযোগিতার মূল পর্বে খেলা বাংলাদেশ সোমবার আটঘাঁট বেঁধে প্রস্তুতি নিয়েছে। চীন ম্যাচের পর একদিনের রিকভারি শেষে অনুশীলনে ফেরা দলকে আত্মবিশ্বাসীই দেখছেন সহকারী কোচ আবুল হোসেন। গতকাল বাফুফে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আগামীকাল (আজ) মেয়েরা কীভাবে খেলবে, সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়দের বোঝাতে সক্ষম হয়েছি যে, আগামী ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে; সবাই চেষ্টা করব, নিজেদের সেরাটা দেয়ার। মেয়েদের নিয়ে আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং তারাও আত্মবিশ্বাসী। কারণ, ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা দুইটা ম্যাচ হেরেছি; কিন্তু তারা চেষ্টা করেছে সেরাটা দেয়ার। আগামীকাল জিতে পরের ধাপে যাওয়ার একটা সম্ভাবনা আমাদের আছে। মেয়েরা উদ্বুদ্ধ যে, তারা ম্যাচটা জিতবেই।’ জিততে হলে গোলের বিকল্প নেই। এ পর্যন্ত পাঁচ গোল হজম করে দুটি ফিরিয়ে দিতে পেরেছে বাংলাদেশ। দুটি গোলই থাইল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে করেন সাগরিকা। বাফুফে’র মাধ্যমে পাঠানো বার্তায় আরেক ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বলেন, প্রস্তুতিতে ফিনিশিং নিয়েও কাজ হয়েছে নিবিড়ভাবে। সোমবার আমাদের পুরো বিশ্রাম ছিল, রিকভারি করেছি। আজ (গতকাল) ভালো একটা ট্রেনিং সেশন করেছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করিয়েছেন। আগের ম্যাচে চীনের বিপক্ষে যে ভুল-ত্রুটি হয়েছে, আজ সেগুলো ধরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দলের সবাই সুস্থ আছে। কালকে ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে। এই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। কোচ যেভাবে বলবেন, সেভাবেই খেলব। তো আমাদের সবার প্রত্যাশা, দেশবাসী আমাদেরকে সমর্থন করবে আমরা যেন কালকে ভালো খেলতে পারি।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন