ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অত্যন্ত প্রভাবশালী দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী কুদস ফোর্সের স্পেশাল অপারেশন ইউনিটের প্রধান আসগর বাগেরিকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।
২০১৯ সাল থেকে এই ইউনিটের দায়িত্বে থাকা বাগেরি বিশ্বজুড়ে ইসরাইলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে দাবি আইডিএফের। বিশেষ করে সিরিয়া-ইসরাইল সীমান্তে গত কয়েক বছরে আইডিএফ সেনাদের ওপর যত হামলা হয়েছে, তার নেপথ্যে বাগেরির সরাসরি ভূমিকা ছিল বলে জানানো হয়েছে।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে তাদের এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের গোয়েন্দা শাখার প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি সোমবার ভোরে এক হামলায় নিহত হয়েছেন। ইরানের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত হিসেবে বর্ণনা করে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করা হয়েছে। তবে আসগর বাগেরির মৃত্যুর বিষয়ে তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: সিএনএন।

জহির
২ মাস আগেজয় ইরান