বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ 'হরমুজ প্রণালী' নিয়ে তৈরি হওয়া সংকট এখন যুক্তরাষ্ট্র ও ইরানকে মুখোমুখি দাঁড় করিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছেন। ইরানকে নরকে পরিণত করারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই হুমকি বার্তার পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফোন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। তবে সেই ফোনালাপে কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জয়শঙ্কর। তিনি শুধু বলেছেন, 'ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির থেকে ফোন পেলাম। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হল।'
আলোচনায় হরমুজ প্রণালী উঠে এসেছে কিনা, তা স্পষ্ট নয়।
এরপরই মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গেও আলোচনা করেছেন জয়শংকর। কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে কথা বলেছেন জয়শংকর। প্রথম থেকেই যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিয়েছে ভারত। ট্রাম্প ডেডলাইন বেঁধে দেওয়ার পরে ভারতের কূটনৈতিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। বিশ্লেষকদের মতে , ইরান জানে যে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারত একটি প্রভাবশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান - দুই পক্ষের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে কৌশলগত সম্পর্ক অন্যদিকে ইরানের সঙ্গে রয়েছে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ থেকে মনে করা হচ্ছে , ভারতের সহযোগিতা বা অন্ততপক্ষে নিরপেক্ষ মধ্যস্থতার প্রত্যাশা করেছে ইরান।
অন্যদিকে, বর্তমান পরিস্থিতি ভারতের কাছে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশ এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। যদি কোনও কারণে এই পথে যুদ্ধ বা অস্থিরতা শুরু হয়, তবে ভারতে তেলের দাম আকাশছোঁয়া হতে পারে, যা দেশের অর্থনীতিতে বড় ধরণের প্রভাব ফেলবে। যদিও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে ইরান হরমুজ প্রণালী দিয়ে ভারতের দশটির বেশি জ্বালানি ভর্তি জাহাজকে নির্বিঘ্নে পার হওয়ার সুযোগ করে দিয়েছে। তাই ভারত কিভাবে ভারসাম্য বজায় রেখে কূটনৈতিক পদক্ষেপ নেয় সেদিকেই নজর সকলের।

Jannatul Ferdous
৩ মাস আগেমানবজমিন পত্রিকা পড়ে মনে হচ্ছে এটা কোন ভারতীয় পত্রিকা। যেভাবে ভারতের প্রশংসা করছে মনে হচ্ছে এই সাংবাদিক ভাতীয়। “বিশ্লেষকদের মতে , ইরান জানে যে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারত একটি প্রভাবশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।” ভারত কি এমন প্রভাবশালী দেশ হয়েছে? কয় দিন আগে পাকিস্তানের কাছে ৬টি যুদ্ধ বিমান হারিয়েছে মনে হয় সাংবাদিক সাহেবের মনে নেই।