‘মোস্তাফিজ থাকা মানেই লাহোরের আত্মবিশ্বাস’

‘মোস্তাফিজ থাকা মানেই লাহোরের আত্মবিশ্বাস’

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বল হাতে নিজের চিরচেনা কাজটিই করে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। মুলতান সুলতানসের বিপক্ষে লাহোর কালান্দার্সের জয়ের দিন দুই উইকেট নিয়ে দারুণ ভূমিকা রাখেন টাইগার পেসার। ম্যাচের পর প্রতিবারের মতোই মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ লাহোর মালিক সামিন রানা। বলেন, ‘মোস্তাফিজ থাকা মানেই আমাদের আত্মবিশ্বাস।’
হাই-স্কোরিং ম্যাচটিতে শুক্রবার বোলারদের ওপর দিয়ে যখন ঝড় যাচ্ছিল, তখন নিজের প্রথম ওভারে স্রেফ ৫ রান দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন ফিজ। সাজঘরে ফেরান বিধ্বংসী হয়ে ওঠা সাহিবজাদা ফারহান (১৫ বলে ২৪) ও শান মাসুদকে (১৮ বলে ৪৪)। এই গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বৃষ্টিতে ১৩ ওভারে নেমে আসা খেলায় শেষ পর্যন্ত মুলতান থামে ৫ উইকেটে ১৬৫ রানে। ২০ রানের জয়ের পর ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় সামিন রানা সরাসরি মোস্তাফিজকে উদ্দেশ্য করে বলেন, ‘ফিজ ভাই কোথায়? পরিস্থিতির বিচারে তোমার কাজটি অনেক কঠিন ছিল। তবে প্রথম ওভারে কেবল ৫ রান দিয়ে তুমি ওদের চাপে ফেলে দাও। সেখান থেকেই আমরা ম্যাচে ফিরি।’ তবে পরের দুই ওভারে কিছুটা খরুচে হয়ে পড়া মোস্তাফিজ ৩ ওভারে দেন ৩৭ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলাররা মার খাবেন, এটি স্বাভাবিক মেনে নিয়ে সামিন আরও বলেন, ‘এই ফরম্যাটে বোলারদের ওপর আক্রমণ হবেই। তবে তুমি দলে থাকা মানেই আমাদের আত্মবিশ্বাস। আমরা জানি, ফিজ মাঠে আছে মানে আমরা লড়াইয়ে টিকে আছি।’
সেদিনের ম্যাচে সীমিত সংস্করণের ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে উইকেটের তালিকায় শীর্ষে উঠে আসেন মোস্তাফিজ (৪১৬)। নিজের আদর্শ মোহাম্মদ আমিরকে (৪১৪) টপকে শীর্ষে জায়গা করেন তিনি। তালিকার তিনে পাকিস্তানের আরেক সাবেক পেসার ওয়াহাব রিয়াজ (৪১৩)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন