বল হাতে চমক ৪৩ বছর বয়সী অ্যান্ডারসনের

বল হাতে চমক ৪৩ বছর বয়সী অ্যান্ডারসনের

ফন্ট সাইজ:

বয়স ৪৪ ছুঁই ছুঁই। এই বয়সে কম ক্রিকেটারই পেশাদার ক্রিকেট চালিয়ে যান। ব্যতিক্রম জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে দ্বিতীয় বিভাগের ম্যাচে ৬৪ রানে ৫ উইকেট নেন তিনি। অ্যান্ডারসনের তোপে পড়ে ২১৫ রানে ৯ উইকেট হারায় নর্দাম্পটনশায়ার। এতে ১৬৯ রানের বিশাল লিড নিয়ে জয়ের সুবাস পাচ্ছে ল্যাঙ্কাশায়ার। ৩রা এপ্রিল থেকে শুরু হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ৭ উইকেটে ৩৪৬ রান করে ল্যাঙ্কারশায়ার। দ্বিতীয় দিন বাকি ৩ উইকেটে ৩৮ রান যোগ করে ৩৮৪ রানে অলআউট হয় ল্যাঙ্কারশায়ার। দলের হয়ে লুক ওয়েলস ৮৭ ও মাইকেল জোন্স ৭১ রান করেন। শেষ ব্যাটার হিসেবে ক্রিজে এসে ১১ বল খেলে শূন্য হাতে অপরাজিত থাকেন অধিনায়ক অ্যান্ডারসন। বোলিংয়ে নর্দাম্পটনশায়ারের বেন স্যানডারসন ৭৯ রানে ৫ উইকেট শিকার করেন। এরপর ব্যাট হাতে নেমে অ্যান্ডারসনের তোপের মুখে পড়ে নর্দাম্পটনশায়ার। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ২১৫ রান করে তারা। ১৩ ওভার বল করে ৫ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৫৬তমবার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকারের ঘটনা। পেশাদার ক্যারিয়ারে ২৬তম মৌসুম খেলতে নামা অ্যান্ডারসনের ৩০৫ ম্যাচের ক্যারিয়ারে শিকার ১,১৪৮ উইকেট।
গত মৌসুমে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করলেও এবার অ্যান্ডারসনকে স্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব প্রদান করা হয়েছে। দলকে দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উন্নীত করা তার বর্তমান লক্ষ্য। নিজের পরিকল্পনা নিয়ে অ্যান্ডারসন বলেন, ‘আমি চাই এ বছর দলটি প্রমোশন পাক (প্রথম বিভাগে উঠুক)। সব খেলোয়াড় মৌসুম উপভোগ করুক। মনে রাখুন আমরা কেন ক্রিকেট খেলা শুরু করেছিলাম- কারণ আমরা এই খেলাটিকে ভালোবাসি।’ গত বছর টি-টোয়েন্টি ব্লাস্ট এবং ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ খেললেও এবার অ্যান্ডারসনের সব মনোযোগ কেবল লাল বলের ক্রিকেটে। দ্য হান্ড্রেড নিয়ে নিজের অনীহা প্রকাশ করে অ্যান্ডারসন বলেন, ‘গত বছর দ্য হান্ড্রেড আমি উপভোগ করিনি। বিশেষ করে এ বছর অধিনায়ক হিসেবে আমি মনে করি চার দিনের ক্রিকেটের জন্য ফিট থাকাটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্য হান্ড্রেড চলবে, আমি আশা করছি তখন কোথাও ছুটিতে থাকবো।’ একসময় শচীন-কোহলিদের চ্যালেঞ্জ জানানো অ্যান্ডারসন ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। টেস্ট ইতিহাসে ৭০০ উইকেটের মাইলফলক ছোঁয়া একমাত্র পেসার তিনি। জাতীয় দল থেকে অবসরের পর কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের জার্সি গায়ে আলো ছড়াচ্ছেন এ পেস তারকা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন