সিলেটের সাদ্দামের লাশ পড়ে আছে সীমান্তের ওপারে

সিলেটের সাদ্দামের লাশ পড়ে আছে সীমান্তের ওপারে

ফন্ট সাইজ:

সিলেটের যুবক সাদ্দাম হোসেনের লাশ পড়ে আছে বাংলাদেশের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে। এ ব্যাপারে বাংলাদেশ বিজিবি’র পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বিএসএফকে অবগত করা হলে গতকাল বিকাল পর্যন্ত বিএসএফ ঘটনা স্বীকার বা অস্বীকার করেনি। ফলে সাদ্দামের লাশের জন্য অন্তহীন অপেক্ষা বাড়ছে পরিবারের। সাদ্দাম হোসেন উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, কোম্পানীগঞ্জের লামা গ্রামের পাশের সীমান্তের ১২৪৭ নম্বর পিলারের প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি আনতে যান সাদ্দাম হোসেনসহ কয়েকজন। এ সময় সুপারি বাগানের মালিক খাসিয়ারা গুলি চালালে সাদ্দাম হোসেন নিহত হন ও তার সঙ্গী ফরহাদ মিয়া গুরুতর আহত হন। খাসিয়ারা গুলি ছোড়ার পর সঙ্গীরা ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। আহত ফরহাদ একই গ্রামের লিলু মিয়ার ছেলে। তাদের সঙ্গে আরও ছিলেন- আবু বক্কর ও জফির মিয়া। এদিকে, ফিরে আসা তিন যুবক স্বজনদের জানিয়েছে, সীমান্ত এলাকায় যাওয়ামাত্র ভারতীয় সশস্ত্র খাসিয়া তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাদ্দাম। ফরহাদকে নিয়ে তারা কোনোমতে চলে আসেন। সাদ্দামের মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে বলে জানিয়েছে তারা। সাদ্দামের বড় ভাই নাজিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, খাসিয়ারা গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও তার ভাইয়ের লাশ ফেরত দেয়া হয়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন, বিষয়টি বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়েছে বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান তিনি। উত্তমা বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কালাম জানিয়েছেন, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তবে তারা এখনো কিছুই জানায়নি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন