গত মে মাসে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় মোট ১৪৬টি মামলা দায়ের হয়েছে। এছাড়াও গত মাসে প্রায় ৮ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। বুধবার বিকালে পুলিশ কমিশনার কার্যালয় মিলনায়তনে মাসিক সভায় এ তথ্য জানানো হয়। মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, তোফায়েল আহমেদসহ উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন থানার ওসিগণ।
সভায় জানানো হয়, ১৪৬টি মামলার মধ্যে মাদক মামলা ৯১টি, অস্ত্র আইনে ১টি, নারী ও শিশু নির্যাতন ৫টি, ধর্ষণ ২টি, চুরি ১২টি এবং অন্যান্য ৩৫টি মামলা রয়েছে। এছাড়াও মাদকবিরোধী অভিযানে এক মাসে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মে মাসে প্রায় ৮ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, রংপুরবাসীকে শান্তিপূর্ণ পরিবেশ উপহার দিতে আরপিএমপির প্রতিটি ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যগণ তাদের নিজ নিজ জায়গা কাজ করে যাচ্ছে।
এসময় তিনি পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, মানুষের মধ্যে পশুত্ব ও মনুষ্যত্ব এই দুই ধরনের প্রবৃত্তি বিদ্যমান। একজন পুলিশ সদস্য হিসেবে পশুত্ব পরায়ণতা পরিহার করে মানবিকতা, সহমর্মিতা ও মনুষ্যত্বের চর্চার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। জনগণের সঙ্গে আচরণে ধৈর্য, সহনশীলতা ও নৈতিকতার পরিচয় দিতে হবে।
