বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ৪০ ঘের মালিক। তারা মানববন্ধন থেকে বিএনপি নেতার বহিষ্কারের দাবিও তুলেছেন। গতকাল সকাল ১১টায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে হাওলাদার পাড়া এলাকায় এ মানববন্ধনে অংশ নেয় স্থানীয় জমির মালিকসহ শতাধিক নারী-পুরুষ। মানববন্ধন থেকে ৪০ জন জমির মালিক অভিযোগ করে বলেন, হাওলাদার পাড়ায় ১৭০ বিঘা মৎস্য ঘেরটি দীর্ঘদিন ধরে বহিরাগত পেশিশক্তি ব্যবহার করে জমির মালিকদের বঞ্চিত করে জোরপূর্বক মৎস্য ঘের করে। ক্ষমতার পরিবর্তন হলেও নতুন করে বিএনপি নেতা এফ এম শামীম আহসান কতিপয় জমির মালিকদের কাছ থেকে জোরপূর্বক রাতের আঁধারে হাঁড়ির টাকা দিয়ে জমির মালিকদের বাধ্য করে।
তার অবাধ্য হলে মামলা দিয়ে হয়রানি, হুমকি অব্যাহত রেখেছেন। প্রকৃত জমির মালিকরা নিজেদের জমিতে নিজেরাই ফসল উৎপাদন ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে চায়। তারা বহিরাগত দলীয় নেতাদের হাত থেকে বাঁচতে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তৃতা করেন স্থানীয় জমির মালিক সাইফুল ইসলাম, হাবিবুর রহমান তালুকদার, রাজীব হাওলাদার, মো. মমিনুল ইসলাম, নাছিমা খাতুন, মরিয়ম বেগম, সাবিনা আক্তার, মর্জিনা বেগম, মেহেরুন নেছাসহ একাধিক জন। এদিকে মৎস্য ঘেরটি দখলের পাঁয়তারার অভিযোগ এনে ৪০ জন জমির মালিকের পক্ষে সাইফুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা এফ এম শামীম আহসানসহ ৬ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ২০০৬ সালে ১৫০ বিঘার এ মৎস্য ঘেরটি জমির মালিকরা তার নামে রেজিস্ট্রি করে মালিকানা দিয়েছেন। পরবর্তীতে ২ বছর ঘের করার পরে আওয়ামী লীগের লোকজন প্রভাব খাটিয়ে তার ঘেরটি দখল করে নেয়। পরিকল্পিতভাবে তার দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তাদের ওখানে কোনো জমি নেই। স্থানীয়দের হাঁড়ির টাকা দিয়ে ৬০ বিঘার মালিক তিনি। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয় আদালতের মাধ্যমে নিষ্পত্তি হতে হবে। তবে মৎস্য ঘেরে মারপিট আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কার কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মোরেলগঞ্জে ঘের মালিকদের বিক্ষোভ ও মানববন্ধন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
