কুমিল্লায় তিন এসি বাসে আগুন

ফন্ট সাইজ:

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি পার্কিং করে রাখা ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
জানা যায়, দুপুরের দিকে আগুনের খবর পেয়ে প্রথমে ইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে কুমিল্লা নগরীর প্রধান কার্যালয় থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, বাস তিনটি দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। সচল না থাকায় বাসগুলো যাত্রী পরিবহন করতো না। বাসের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
জানা যায়, পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসতো। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় ব্যবহৃত গ্যাস লাইটার বা দিয়াশলাইয়ের আগুন থেকে এই সূত্রপাত হতে পারে। কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস মিয়া জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন