হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হুগলি হাওরে বাঁধ ভেঙে যাওয়ায় হাওরের ভেতরে প্রবল বেগে পানি প্রবেশ করেছে। এতে অন্তত ৩০০ একর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। যা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় কৃষকরা। রোববার দুপুর থেকে দ্রুত গতিতে পানি প্রবেশ করতে শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। পানির প্রচণ্ড চাপে হুগলি হাওরে বাঁধ ভেঙে গেলে দ্রুতগতিতে হাওরের ভেতরে পানি ঢুকে পড়ে। ফলে অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকার আধাপাকা বোরো ফসল পানির নিচে চলে যায়। সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান জানান, হুগলি হাওরে প্রায় ৮০০ একর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে বড় একটি অংশ পানিতে ডুবে গেছে। বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের অন্যান্য হাওরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তারা সারা বছর পরিশ্রম করে এই ফসলের ওপর নির্ভরশীল। হঠাৎ এ ধরনের দুর্যোগে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। দ্রুত বাঁধ সংস্কার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বর্তমান পরিস্থিতিতে হাওরাঞ্চলে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাঁধ ভেঙে হাওরে ৩০০ একর বোরো ধান পানির নিচে
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
