কেন্দুয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, আহত ২

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাড়িঘরে হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার উপজেলার গণ্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামে আবুল বাসার ভূঁইয়া চন্দনের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে নারীসহ দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা যায়, সম্প্রতি ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে মনকান্দা গ্রামের রফিক ভূঁইয়ার ছেলে রাব্বি (১৫) এর সঙ্গে একই গ্রামের তানভীরের বাকবিতণ্ডা হয়। গত ২৫শে মার্চ এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত হান্নান ভূঁইয়ার ছেলে রূপাই তানভীরের পক্ষ নিয়ে রাব্বির সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের অন্তত ৪-৫ জন আহত হন। এরই জেরে গত শনিবার রূপাইয়ের পরিবারের সদস্যরা রাব্বির চাচা আবুল বাসার ভূঁইয়া চন্দনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে মারধর, ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। এ সময় তারা নগদ প্রায় এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। ভুক্তভোগী আবুল বাসার ভূঁইয়া চন্দন অভিযোগ করেন, রূপাইয়ের বড় ভাই আবদুল গাফফার বাবুর নেতৃত্বে হামলাকারীরা বসতঘরসহ বিভিন্ন ঘরে ভাঙচুর চালায় এবং তার স্কুলপড়ুয়া ছেলে রিফাত ও বোনকে মারধর করে। তারা শোকেস ও প্লাস্টিকের ওয়্যারড্রব ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়। অন্যদিকে অভিযুক্ত আবদুল গাফফার বাবু ঘটনার কথা স্বীকার করেছেন। কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন