শত্রু এলাকায় কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলে তাৎক্ষণিকভাবে একটি সুপরিকল্পিত ও সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই অভিযানের মূল লক্ষ্য থাকে পাইলটকে নিরাপদে ফিরিয়ে আনা, গোপন সামরিক প্রযুক্তি সুরক্ষিত রাখা এবং শত্রুপক্ষের কাছে কোনো ধরনের তথ্য বা প্রচারণার সুযোগ না দেয়া। এ ধরনের অভিযানের ভিত্তি নির্ধারিত হয় সামরিক নির্দেশিকায়, যেখানে দু’টি প্রধান অগ্রাধিকার দেয়া হয়েছে- প্রথমত পাইলটের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত সংবেদনশীল প্রযুক্তি রক্ষা করা। কারণ ইতিহাসে দেখা গেছে, আটক সামরিক সদস্যদের কাছ থেকে শত্রুপক্ষ গোয়েন্দা তথ্য আদায়, প্রচারণা চালানো বা আলোচনায় চাপ তৈরির চেষ্টা করে। কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সঙ্গে সঙ্গেই আগে থেকে প্রস্তুত উদ্ধারকারী দল দ্রুত সক্রিয় হয়। এই অভিযানে বিশেষ বাহিনী, নজরদারি বিমান এবং বিভিন্ন প্রযুক্তি সমন্বিতভাবে কাজ করে, যাতে প্রতিকূল পরিবেশেও দ্রুত পাইলটের কাছে পৌঁছানো যায়। যদি পাইলট বিমান থেকে বের হয়ে জীবিত থাকেন, তবে তার প্রথম লক্ষ্য হয় শত্রুর চোখ এড়িয়ে চলা। প্রশিক্ষণের অংশ হিসেবে তারা গোপনে অবস্থান নেয়া, সীমিত যোগাযোগ রাখা এবং এমনভাবে চলাফেরা শেখেন যাতে ধরা পড়ার ঝুঁকি কম থাকে। উদ্ধার অভিযানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী অংশ নেয়। তাদের সঙ্গে সশস্ত্র হেলিকপ্টার বা যুদ্ধবিমান নিরাপত্তা দিয়ে থাকে। পাশাপাশি ড্রোন, উপগ্রহ এবং নজরদারি বিমান ব্যবহার করে প্রায় তাৎক্ষণিকভাবে পাইলটের অবস্থান শনাক্ত করা হয়। ভূপাতিত বিমানের ধ্বংসাবশেষ সুরক্ষিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাডার, যোগাযোগ ব্যবস্থা বা অস্ত্রের মতো সংবেদনশীল যন্ত্রাংশ শত্রুর হাতে পড়া ঠেকাতে প্রয়োজনে আকাশ থেকে ধ্বংস করে দেয়া হয়। কারণ এসব প্রযুক্তি প্রতিপক্ষের হাতে গেলে তা থেকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাওয়া সম্ভব। যদি কোনো পাইলট শত্রুর হাতে আটক হন, তবে তার কাছ থেকে গোপন তথ্য বের করার চেষ্টা করা হতে পারে। তাই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে, যেখানে সময়ের হিসাব অনেক সময় মিনিটে গোনা হয়। এই লক্ষ্য পূরণে পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়, যেখানে তারা বেঁচে থাকা, শত্রুকে ফাঁকি দেয়া, প্রতিরোধ করা এবং সুযোগ পেলে পালিয়ে আসার কৌশল শেখেন। তাদের মূল নীতি থাকে- বেঁচে থাকা এবং আটক এড়িয়ে চলা। অতীতেও এমন উদাহরণ রয়েছে, যেখানে দুর্ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে পাইলটদের উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমান পরিস্থিতিতেও বিশেষজ্ঞরা মনে করছেন, রাতের অন্ধকার মার্কিন বাহিনীর জন্য সুবিধাজনক, কারণ তাদের উন্নত রাতের দৃষ্টিশক্তি ও প্রযুক্তি রয়েছে, যা পাইলটকে শত্রুর নজর এড়িয়ে থাকতে সহায়তা করে। সূত্র: এনডিটিভি
যুদ্ধক্ষেত্রে ভূপাতিত মার্কিন পাইলটরা যেভাবে আত্মরক্ষা করেন
মানবজমিন ডেস্ক
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
