ফের ইউরোপের পথে ‘দেলুপি’

ফের ইউরোপের পথে ‘দেলুপি’

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার জয়যাত্রা অব্যাহত রেখে এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দেলুপি’। আগামী ২৩ থেকে ২৬শে এপ্রিল অনুষ্ঠিতব্য সম্মানজনক ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা-২০২৬’-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি। উৎসবের অংশ হিসেবে আগামী ২৫শে এপ্রিল স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্টেডকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরেই সিনেমাটি নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। রটারড্যামের সাফল্যের পর ইউরোপের মাটিতে এটি ‘দেলুপি’র দ্বিতীয় বড় কোনো উৎসবে অংশগ্রহণ। ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটি নিয়ে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘নেদারল্যান্ডসে অসম্ভব রকমের ভালো সাড়া পাওয়ার পর এটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য সত্যিই খুব বড় পাওয়া।’ ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপি’র গল্প লেখা। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী, সবই স্থানীয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন