কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, রাজ্যসভার সদস্য পদ ছাড়তে পারেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। অবশেষে সেই জল্পনা সত্যি হলো। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন তিনি। কোয়েল মল্লিক ইস্তফা দেয়ার ফলে রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়ালো ৯ জনে।
শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে আরও কয়েকজন ইস্তফা দিতে পারেন। কলকাতার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই দল ছেড়েছেন অনেক প্রভাবশালী নেতা। দল ভেঙে তৈরি হয়েছে নতুন তৃণমূল। সংসদের নিম্নকক্ষে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একজোট হয়ে এনডিএতে শামিল হওয়ার চিঠি দিয়েছেন প্রায় ২০ জন তৃণমূল সংসদ সদস্য। একই রকম ভাঙন শুরু হয়েছে রাজ্যসভাতেও। এবার সদস্য পদ ছাড়লেন প্রকাশচিক বরাইক এবং কোয়েল মল্লিক। বর্তমান পরিস্থিতিতে রাজ্যসভা আসনগুলোতে উপ-নির্বাচন হলে তাতে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকায় নাম ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের। পরে এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নিতে যান অভিনেত্রী। শপথ গ্রহণের পর তিনি বলেছিলেন, অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবাÑ এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। তবে দলের ভরাডুবিতে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে তৃণমূল থেকে দূরত্ব বাড়ালেন অভিনেত্রী।
