দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তিনি বলেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে। বর্তমান সরকার জুলাই সনদকে ধারণ করে সংস্কারের পক্ষে। সংসদীয় বিতর্কের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব হবে।’
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত ‘ঈদ পুনমির্লনী ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সচেষ্ট বলে জানান তিনি।
হুইপ উল্লেখ করেন, ‘নাটোরকে একটি সমৃদ্ধ শহরে পরিণত করতে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনমানুষের কল্যাণে সবাইকে নিয়োজিত থাকতে হবে।’
নাটোর-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম আনু এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, নাটোর জেলা থেকে আগত বিভিন্ন গুণীজন, নাটোর জেলার আপামর জনসাধারণ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে : হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৪ এপ্রিল (শনিবার), ২০২৬, ৩ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
